ঢাকা বিমানবন্দরকে প্রবাসীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ‘কমফোর্ট জোন’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, টিকিট সিন্ডিকেট বা ভাড়া নিয়ে অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তাঁর নিজ জেলায় প্রথম সরকারি সফর।
মন্ত্রী জানান, জেলার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ করে বালিয়াটি জমিদারবাড়ি ও তেওতা জমিদারবাড়ি-কে আধুনিক সুবিধা যুক্ত করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে।
এছাড়া মানিকগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদী-কে পর্যটন উপযোগী করতে নদীশাসন ও অবকাঠামো উন্নয়নের বিষয়টিও পর্যালোচনায় রয়েছে বলে জানান তিনি। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।