দেশের কৃষকদের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথমে এটি পাইলট প্রকল্প হিসেবে সীমিত পরিসরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, কৃষক কার্ড চালুর বিষয়টি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। দ্রুত সময়ের মধ্যে পাইলট প্রকল্প শুরু করার প্রস্তুতি চলছে।
কার্ডের মাধ্যমে কৃষকরা উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা পাবেন। এতে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ সহজে পাওয়া যাবে। পাশাপাশি স্মার্ট প্রযুক্তির মাধ্যমে বাজার পরিস্থিতি, উৎপাদন তথ্য ও আবহাওয়ার পূর্বাভাসও জানা সম্ভব হবে।
সরকার মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে স্মার্ট কার্ড প্রযুক্তি ব্যবহার করতে চায়। এ ব্যবস্থার মাধ্যমে কৃষক ও রাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করার পরিকল্পনা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেশের সব কৃষককে ধীরে ধীরে এই কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে। তবে প্রথমে নির্দিষ্ট অঞ্চল বা সংখ্যার মাধ্যমে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে।