ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কায় সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশত্যাগের পরামর্শ দিয়েছে ভারত। সর্বশেষ সতর্কবার্তায় ভারতীয় দূতাবাস, তেহরান জানিয়েছে, ইরানে থাকা ভারতীয়দের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দ্রুত দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে। এ নির্দেশনা শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটকসহ সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। দূতাবাসের বিজ্ঞপ্তিতে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখের পরামর্শ পুনরায় উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিক্ষোভ বা অস্থিরতা চলমান এলাকা এড়িয়ে চলতে, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখতে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে। পাশাপাশি পাসপোর্ট, পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সবসময় সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।