সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে আভিযানিক দল টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ওই কারবারিকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।