শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, চাকরি জাতীয়করণসহ ১৩ দফা দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষক–কর্মচারী ঐক্যজোট। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরেন চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে শিক্ষকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বেতন কাঠামো সংস্কারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া সুবিধা দ্রুত পরিশোধের আহ্বান জানানো হয়।
শিক্ষা প্রশাসন সংস্কার, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা, এমপিওভুক্তি সম্প্রসারণ এবং কারিগরি শিক্ষার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
শিক্ষক নেতারা আশা প্রকাশ করেছেন, শিক্ষাখাতের সমস্যা সমাধানে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।