হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মন্ত্রী জানান, থার্ড টার্মিনাল প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পর্যালোচনা ও আলোচনা চলছে। প্রকল্পের কাজ সমাপ্তির পরও কেন চালু করা সম্ভব হয়নি—এ বিষয়েও বিস্তারিত যাচাই করা হবে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনই জানানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেবিচক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়াতে কাজ করছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।