রমজান মাসে বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও উত্তেজনা সৃষ্টির ঘটনার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান।
বক্তারা বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার রক্ষায় পরিচালিত অভিযানে বাধা সৃষ্টি এবং কর্মকর্তাকে ভয়ভীতি দেখানো অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার এলাকার মৌলভীবাজারে দ্রব্যমূল্য পর্যবেক্ষণে গিয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল একটি প্রতিষ্ঠানের অনিয়ম প্রমাণিত হওয়ায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় কিছু ব্যবসায়ী উত্তেজনা তৈরি ও জটলা করার চেষ্টা করেন বলে জানা যায়।
ক্যাব নেতারা বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় পরিচালিত অভিযানকে ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা আইনের শাসনের পরিপন্থী।