চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে তেল নিয়ে আসার পথে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে পৌঁছায়। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই রিলিফ ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।
এই জোড়া দুর্ঘটনার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়েছে এবং সকাল থেকেই যাত্রীদের দুর্ভোগ দেখা দিয়েছে।
আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, পরে রেল কর্মকর্তাদের বিচক্ষণতায় রিলিফ ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তেলবাহী ট্রেন উদ্ধারের কাজ এখনো চলমান। তিনি আশা প্রকাশ করেন, রেললাইন মেরামত এবং ট্রেন সরিয়ে নেওয়ার পর দ্রুত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।