ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও, সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ ঠিক করেন।
গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন কারাগারে থাকলেও বাকি ৬ জন পলাতক। পলাতক আসামিদের মধ্যে প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার সহযোগী আলমগীর হোসেন, এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি রয়েছেন।
কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পরিবার ও নিকটজন।