মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি। এ বিষয়ে সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী আরও বলেন, কোনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এলে তাঁকে সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে। এছাড়া মহান মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী স্মরণ করিয়ে দেন, তৎকালীন মেজর ও পরবর্তীতে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এ সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (ইবিআর) ও ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এর সদস্যরা মুক্তিবাহিনী গঠন করেন, যার ফলে দেশ বীরত্বের সঙ্গে জীবনবাজি রেখে লড়াই করে স্বাধীনতা অর্জন করে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধ জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত, যেখানে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। একাত্তরের রণাঙ্গনের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বাঙালিরা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েও অসীম সাহসিকতায় স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।
সভায় মন্ত্রী কর্মকর্তাদের সময়ানুবর্তিতা, পেশাগত নিষ্ঠা ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দেন। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।a