জাতীয় সংসদ নির্বাচনের পরই তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার বিভাগ থেকে ইসিকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ১ জুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ ২০২৫ সালের ২ জুন শেষ হয়েছে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী মেয়াদ পূর্তির পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, “ঈদের পর এই স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।”
এর আগে ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানের পর ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যান্য স্থানীয় সরকার প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।