ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন বিএনপি সরকারের মন্ত্রিসভায় সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন বলে সরকারি ও রাজনৈতিক সূত্র নিশ্চিত করেছে। মঙ্গলবার সকাল ১০টার পর সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলে সম্ভাব্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বও আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে যেতে পারে।
রাজনৈতিক অঙ্গনে আগে দিনভর আলোচনা হয়েছিল, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয়েই তিনি দায়িত্ব নিতে পারেন।
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মোট ৪৯ জন সংসদ সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন।
পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পাওয়া তালিকায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, কায়কোবাদ, আ ন ম এহসানুল হক মিলনসহ আরও অনেকে। একই সঙ্গে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এদিকে প্রতিমন্ত্রী হিসেবে সম্ভাব্যভাবে দায়িত্ব পেতে পারেন রাশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ইশরাক হোসেন, নুরুল হক নুর, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ প্রমুখ।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ও আনুষ্ঠানিক দফতর বণ্টনের প্রজ্ঞাপন শিগগিরই জারি হওয়ার আশা করা হচ্ছে।