পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে রমজানের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখার দাবিতে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা–এর উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচি পালন করা হয়।
মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালিতে মাদরাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানগুলোর মধ্যে ছিল— দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি, রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান এবং অশ্লীলতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ।