ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। তিনি গণসংহতি আন্দোলন–এর প্রধান সমন্বয়ক। দলটির একাধিক সূত্র মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এবং পূর্ণ মন্ত্রী নাকি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি, জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং অন্যান্য দল সীমিত সংখ্যক আসনে বিজয়ী হয়েছে।
জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো স্থগিত রয়েছে।