ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে আজ মঙ্গলবার নতুন সরকার গঠিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এক অধ্যায়ের সূচনা হচ্ছে। বাবা ও মায়ের পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান—যা অতীতে দেশে আর কখনো ঘটেনি।
বিএনপির দলীয় তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ এস এম সায়েম-এর পদত্যাগের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তী সময়ে ১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন খালেদা জিয়া, যিনি ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং তিন দফা সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।
খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যান হন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার নেতৃত্বেই বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে আসেন তিনি।
সব মিলিয়ে, জিয়া পরিবারে তিন প্রজন্মে তিনজনের সরকারপ্রধান হওয়ার এই ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ও স্মরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।