নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়–এর উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে কয়েকটি বাসায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে সংশ্লিষ্ট বাসাগুলো নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হবে।
তবে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি হবে—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার সম্ভাব্য বাসভবন নির্ধারণে অনুসন্ধান শুরু করেছিল।
সূত্র জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, শেরেবাংলা নগর এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন একটি স্থান প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বিবেচনায় ছিল। তবে কোনো স্থানে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী যেখানেই বাস করতে আগ্রহ প্রকাশ করবেন, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সে উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় সরকারি যানবাহন অধিদফতরকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।