জাপান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করায় বাংলাদেশের প্রতি প্রশংসা জানিয়েছে। একই সঙ্গে নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে দেশটি। ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকার জানায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশ অভিনন্দনের যোগ্য।
বিবৃতিতে সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের ভূমিকাকে স্বীকৃতি জানিয়ে বিশেষভাবে বিএনপি ও তার নেতৃত্বকে নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয়। এছাড়া নতুন সরকার গঠনের প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ প্রকাশ করে জাপান। পাশাপাশি ঢাকা ও টোকিওর মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আগ্রহের কথা জানানো হয়।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ–জাপান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততা বজায় থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।