ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের ছিল এবং গ্রহণযোগ্যতার সঙ্গে পরিচালিত হয়েছে। তবে ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয় বলে হতাশা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। এদিকে, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল জানিয়েছে, নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো আক্রমণ বা দমন দেখা যায়নি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্টেকহোল্ডারদের আস্থা বজায় রেখেছে।
তিনি বলেন, নির্বাচন বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও স্থানীয় কিছু রাজনৈতিক সহিংসতা হয়েছে, তা মূলত অনলাইনে ম্যানিপুলেটেড তথ্যের কারণে। মিশন দেখেছে, নির্বাচন কমিশন জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য দ্রুত ভাগ করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যকর আলোচনা করেছে।
ইভার্স ইজাবস আরও উল্লেখ করেন, নতুন আইনি কাঠামো এবং ২০২৫ সালের সংশোধনী নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করেছে, তবে আরও সংস্কারের প্রয়োজন রয়েছে যাতে প্রাতিষ্ঠানিক জবাবদিহি আরও শক্তিশালী হয়।