ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে যানবাহন চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে সব ধরনের মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে জরুরি ও বিশেষ প্রয়োজনে কিছু যানবাহনকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যান চলাচল স্বাভাবিক থাকবে। একই সঙ্গে সংবাদপত্র পরিবহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত যানবাহন চলাচলেও কোনো বাধা থাকবে না।বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের সুবিধার জন্য বিমানবন্দরগামী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই পাসপোর্ট ও টিকিট বা বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনের ওপরও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এদিকে, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাঁদের এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিয়ে নির্ধারিত স্টিকারযুক্ত একটি ছোট যানবাহন ব্যবহার করতে পারবেন। সাধারণ ভোটারদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন বিশেষ নজরদারি রাখবে বলে জানিয়েছে ইসি।