পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সংগঠনের আয়োজনে একটি নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এনএন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে কয়েক হাজার নারী নেতাকর্মীর অংশগ্রহণে এই মিছিলের সূচনা হয়। পদযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় এনএন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন, পঞ্চগড়-২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীর স্ত্রীসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং নারী বিভাগের দায়িত্বশীল নেত্রীরা।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা অত্যন্ত জরুরি।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জনগণের ন্যায্য অধিকার এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ধারায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে তারা নারী সমাজকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।