এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বাবলুর রহমান (৫০) নামের ঠাকুরগাঁওয়ের এক যুবলীগ নেতা।
বুধবার (২৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট বাজার এলাকায় কয়েকশ মানুষের সামনে তিনি এ ঘোষণা দেন। তার বাড়ি উপজেলার ধর্মপুর এলাকায়।
বাবলুর রহমান জানান, ২১ বছর ধরে রাজনীতি করেও ভালো কোনো পদ না পেয়ে ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে যুবলীগ করে আসছি। কিন্তু এরপরেও দল আমাকে মূল্যায়ন করেনি। তাই এই দল ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি, আমি আর রাজনীতি করব না। এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতি করে থাকি, তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করে দেবেন। নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।”
এ বিষয়ে স্থানীয় ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মণ বলেন, “বাবলুর একসময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতোমধ্যে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বহিষ্কৃত। তার ব্যাপারে নারীঘটিত বেশকিছু অভিযোগ রয়েছে। সে কারণেই অনেক বছর রাজনীতি করলেও শীর্ষপদে যেতে পারেননি তিনি।”
ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মণ নির্মল বলেন, “তার (বাবলুর রহমান) বাবা ছিল বিহারী, বিহারীর ছেলে কি আওয়ামী লীগ করবে? বাবলুর রহমান দুধ দিয়ে গোসল করেছে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই।”