চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টায় বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিজিবি। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল বুধবার পতাকা বৈঠকে ওই দুই ভারতীয়কে ফেরত দেওয়া হয়েছে।ওই দুই ভারতীয় হলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার সিংগাবাদ টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বচ্চন মোহলদার (৩২) এবং একই গ্রামের সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার (২০)।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল দুপুর ১টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯-এর নিকট দিয়ে সিরামের দাঁড়া বিলে মাছ শিকার করতে করতে ওই ২ ভারতীয় বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর স্থানীয় বাংলাদেশিরা তাদের আটক করে। পরে বিকেল ৪টার দিকে চাড়ালডাঙ্গা বিওপি সদস্যরা তাদের কেতাববাজার নামক এলাকা থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে ভারতীয় নাগরিকদের ফেরত চেয়ে বিজিবির নিকট অনুরোধ করে বিএসএফ। এ প্রেক্ষিতে বিকেল ৫টায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প ও চাড়ালডাঙ্গা বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই দুই ভারতীয়কে বিএসএফের নিকট হস্তান্তর করে বিজিবি। বৃহস্পতিবার ১৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান বলেন, এ ঘটনায় বিএসএফের নিকট কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।