ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এতে অংশ নেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ এপ্রিল) ফরিদপুর জেলা রিটার্নিং অফিসার ও তিন উপজেলার সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সোমবারই ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন।
যদিও রাজনৈতিক অঙ্গনে সময়সীমা আরো দুই দিন বাড়তে পারে বলে আলোচনা রয়েছে। মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানতসহ মোট ১৪ ধরনের প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হয়।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. সারোয়ার হোসাইন, জাতীয় পার্টির রায়হান জামিল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক চোকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, গণ অধিকার পরিষদের মো. তাসলিম মাতুব্বর ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ, এ, এম মুজাহিদ বেগ, আব্দুল কাদের মিয়া, মুহাম্মদ মজিবুর হোসাইন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দেওয়ার পর বিভিন্ন দলের প্রার্থীরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
তারা আশা প্রকাশ করেন, দীর্ঘ সময় পর নতুন রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে জনগণ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে যেকোনো প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান তারা।
ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, সকাল থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী ধাপগুলো নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে।
তিনি আরো বলেন, সকলের সার্বিক সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হব। এ ছাড়া সকল নাগরিককে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর-৪ আসনের প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার (উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এবং থানা নির্বাচন কর্মকর্তা) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ফরিদপুর জেলার প্রার্থীদের মনোনয়নপত্র ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই করা হবে। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।