বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া একদিনে যেমন সত্যি সত্যি অভিভাবক ছিলেন, অন্যদিকে মাতৃস্নেহে আমাদের দেখতেন। কোনো দিন বাসায় যাওয়ার পর কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনো কেউ যেতে পারতো না।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে স্মৃতিচারণ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডা. জাহিদ।
ডা. জাহিদ বলেন, উনি (খালেদা জিয়া) দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সব সময় চিন্তা করতেন। মানুষের কষ্ট হয় এমন কোনো কার্যক্রমে উৎসাহ দিতেন না।
তিনি আরো বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব সময় চিকিৎসা নিতেন, চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টার করতেন।
আজ মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।