নওগাঁর বদলগাছীতে শীতের তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কনকনে শৈত্যপ্রবাহে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। দুপুর ২টার পর কিছুটা রোদ দেখা গেলেও তাতে তেমন উষ্ণতা নেই।
বিকেল ৪টার পর থেকেই শীত আরো বাড়ছে এবং রাতে বৃষ্টির মতো ঘন কুয়াশা নেমে আসছে।
বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় বদলগাছীসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল ইসলাম।
এলাকাবাসী জানান, তীব্র শীত উপেক্ষা করেই কৃষকরা আলুসহ বিভিন্ন রবিশস্যের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। জীবন-জীবিকার তাগিদে দিনমজুর ও কৃষিশ্রমিকদেরও কনকনে শীতে মাঠে নামতে হচ্ছে।
রাত ১২টার পর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং সকাল পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকে। কুয়াশার কারণে রাস্তাঘাট প্রায় দেখাই যায় না।
ফলে দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।