অস্ট্রেলিয়ায় নাৎসি আমলের ঘৃণা ছড়ানোর প্রতীক প্রদর্শনের অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের পাশাপাশি বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
অস্ট্রেলিয়ায় বসবাসরত ওই ব্রিটিশ নাগরিকের ভিসা এরইমধ্যে বাতিল করা হয়েছে। কুইন্সল্যান্ডে বসবাসকারী ৪৩ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তিকে চলতি মাসের শুরুতে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নাৎসি স্বস্তিকা প্রতীক পোস্ট করেন। পাশাপাশি নাৎসি মতাদর্শের প্রচার চালান এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানান। ব্রিসবেনে তাকে অভিবাসন হেফাজতে নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন, 'অভিযুক্ত ব্যক্তি ঘৃণা ছড়াতে এখানে এসেছে—তাই এখানে থাকার অধিকার তার নেই।' বুধবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) তিনি বলেন, 'ট্রাভেল ভিসায় অস্ট্রেলিয়ায় এলে আপনাকে একজন অতিথি হিসেবেই থাকতে হয়।'