ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকে নিচে রাখা তিনটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যাংক সূত্রে জানা যায়, শর্শদী বাজারস্থ গ্রামীণ ব্যাংকের অফিসের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় বুধবারও ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা।
রাত ৩টা ৪০ মিনিটের দিকে নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে দুর্বৃত্তরা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা প্রহরী ‘আগুন, আগুন’ বলে চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা ব্যক্তিরা নিচে নেমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে ফেনী দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, আগুনে সিঁড়ি কক্ষে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে।
আমরা উপরের তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।