ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে দেশটির সকল অনুমোদিত তেলের ট্যাংকারের ওপর অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময় , আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে দেশটির সকল অনুমোদিত তেলের ট্যাংকারের ওপর অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দেশটির অপরিশোধিত তেলের বিষয়ে নতুন দাবি উত্থাপন করেছেন ট্রাম্প। 


ল্যাটিন আমেরিকায় মাদক পাচার রোধের নামে গত কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানের মূল লক্ষ্য মূলত ভেনেজুয়েলা।


কারাকাসের দাবি, বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই এই চাপ সৃষ্টি করা হচ্ছে। ওয়াশিংটনসহ অনেক দেশই মাদুরোকে অবৈধ প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করে।

গত সপ্তাহে দক্ষিণ আমেরিকার দেশটি থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ট্রাম্প প্রশাসন। এরপর আরো বেশ কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।


নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ‘আমি ভেনেজুয়েলায় আসা-যাওয়া করা সকল নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেল ট্যাংকারের ওপর পূর্ণাঙ্গ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিচ্ছি।’

ট্রাম্প বলেন, ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীসহ মার্কিন নৌবহর ‘আরো বড় করা হবে’। ভেনেজুয়েলা যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে চুরি করা সমস্ত তেল, ভূমি ও অন্যান্য সম্পদ ফিরিয়ে না দিচ্ছে, ততক্ষণ এই অবস্থা চলবে।


প্রেসিডেন্ট ট্রাম্প নির্দিষ্ট করে কোনো তেল বা ভূমির কথা উল্লেখ না করলেও, ১৯৭০-এর দশকে ভেনেজুয়েলা দেশটির তেল শিল্প জাতীয়করণ করে।


পরবর্তীতে হুগো শাভেজের শাসনামলে বিদেশি কম্পানিগুলোকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কম্পানি পিডিভিএসএ-এর কাছে তাদের মালিকানা ছেড়ে দিতে বাধ্য করা হয়।

ট্রাম্প আরো লেখেন, ‘অবৈধ মাদুরো সরকার এই চুরি করা তেলের খনি থেকে পাওয়া অর্থ মাদক সন্ত্রাস, মানবপাচার, হত্যা এবং অপহরণের কাজে ব্যবহার করছে।’ অন্যদিকে মাদুরো বারবার দাবি, মাদকবিরোধী অভিযানের অজুহাতে এই বিশাল মার্কিন সামরিক মোতায়েন আসলে তাকে উৎখাত এবং ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ ‘চুরি’ করার একটি চক্রান্ত।


ভেনেজুয়েলা উপকূলের কাছে মার্কিন যুদ্ধবিমানের মহড়া এবং মাদক পাচারকারী সন্দেহে বিভিন্ন নৌযানে প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯