জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে প্রার্থীদের কেন বাদ দেওয়া হয়েছে, তা প্রকাশ করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তোলেন শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ও জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষ করে কোনো সুস্পষ্ট কারণ বা লিখিত ব্যাখ্যা ছাড়াই তাদের প্যানেলের দুই গুরুত্বপূর্ণ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি আরো বলেন, অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নও বাতিল করা হলেও, এসব সিদ্ধান্তের পেছনে কমিশন কোনো যুক্তিসংগত ব্যাখ্যা প্রদান করেনি, কারা অভিযোগ দিয়েছে, কী অভিযোগ তার কোনো কিছুই বলছে না কমিশন, যা মোটেও সহ্য করার মতো না।
ফয়সাল মুরাদ বলেন, এ ধরনের একতরফা ও অস্বচ্ছ সিদ্ধান্ত জকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে। অবিলম্বে বাতিল হওয়া মনোনয়নের সুনির্দিষ্ট কারণ প্রকাশের পাশাপাশি শাহীন মিয়া ও ইমরান হোসেনের প্রার্থিতা পুনর্বহালের দাবি জানান তিনি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তাদের প্যানেলকে ভয় পেয়ে মানসিক ট্রমার মধ্যে ফেলার প্রক্রিয়া চালানো হচ্ছে।
দ্রুত তদন্ত শেষ করে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করা তাদের প্রার্থীদের প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য, এজিএস প্রার্থী শাহিন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।