ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসামি সনাক্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ও পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা এলাকায় সতর্কাবস্থায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১৩ ডিসেম্বর) জানা যায়, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীরা দেশত্যাগ রোধে পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) সর্বোচ্চ সতর্কাবস্থায় তল্লাশী অভিযান ও নজরদারী বৃদ্ধি করেছে।
গতকাল শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এদিন রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হামলাকারীদের দেশত্যাগ রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশনা দেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, সীমান্তে এখনই সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে। হাদির ওপর হামলাকে তিনি গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের গ্রেফতারেরও নির্দেশ দেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ ওসি আব্দুস সাত্তার যুগান্তরকে বলেন, গত বছর ৫ আগস্টের পর থেকেই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে খুবই সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রীদের যাচাই-বাছাই করে পারাপার করা হচ্ছে। এ পথে কোনো অপরাধীই যেন দেশ ত্যাগ করতে না পারে ইমিগ্রেশন পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ঢাকায় ঘটে যাওয়া নাশকতা কার্যকলাপে জড়িত কোন সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ও অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় যেকোনো অপরিচিত লোকসমাগম এবং যানবাহন সমূহ তল্লাশীর মাধ্যমে অপরধীদের সনাক্ত করার কার্যক্রম চলছে বলেও তিনি জানিয়েছেন।