আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ

ভোট করবেন আসিফ, কূটনৈতিক পাসপোর্ট জমা; তবে পদত্যাগ কবে— উত্তর দেননি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৯ সময় , আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৯ সময়

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইতোমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দিয়েছেন।


আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে, কখন তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, সে নিয়ে মুখ খোলেননি।


যদিও একাধিক সাংবাদিক জানতে চেয়েছিলেন, আসিফ মাহমুদ পদত্যাগ কখন করছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না এবং কোন আসন ও দল থেকে নির্বাচন করবেন?


এক্ষেত্রে সরকারে থাকা এই ছাত্র উপদেষ্টা জবাব দেন, তিনি নির্বাচন করবে এটা নিশ্চিত। তবে কোন আসন ও দল থেকে ভোট করবেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে তিনি জানাবেন। আর পদত্যাগের বিষয়ে সরকারের প্রেস উইং থেকে জানানো হবে।


তার মতে, সবকিছু ২-৩ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।


আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপিতে যোগ দিয়ে নাকি এনসিপি থেকে ঢাকা-১০ আসনে ভোট করবেন তিনি।


তার কথায় ফুটে ওঠে, বিএনপিতে যাওয়ার সম্ভাবনা নেই কোনও। তিনি প্রশ্নের উত্তরে বলেন, আমি যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে অনেকগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।


আর দলে যোগদানের বিষয়ে এনসিপি থেকে যোগাযোগ করা হয়েছিল বলে জানান তিনি।


সরাসরি না বললেও আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হবেন, তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯