জাপানের আকাশসীমার আশপাশে নজরদারির লক্ষ্যে যৌথ বিমান টহল দিয়েছে রাশিয়া ও চীন। দুই দেশের এই টহলকে কেন্দ্র করে

জাপানের আকাশসীমার আশপাশে রাশিয়া-চীনের বোমারু বিমানের টহল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময় , আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময়

জাপানের আকাশসীমার আশপাশে নজরদারির লক্ষ্যে যৌথ বিমান টহল দিয়েছে রাশিয়া ও চীন। দুই দেশের এই টহলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 


মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় গভীর রাতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি টিইউ-৯৫ রুশ পারমানবিক বোমারু বিমান জাপান সাগর হয়ে পূর্ব চীন সাগরের দিকে রওনা হয়। সেখানে, চীনের দুটি 'এইচ-৬' বোমারু বিমানের সাথে যৌথ টহল অভিযানে অংশ নেয়। সাথে যুক্ত হয় আরও চারটি চীনা 'জে-১৬' যুদ্ধবিমান। 


জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝামাঝি এলাকায় ঘুরে ঘুরে নজরদারি চালায় সেগুলো। এছাড়া, জাপান সাগরে একটি রুশ 'এ-৫০' আর্লি ওয়ার্নিং বিমান ও 'সুখয়-৩০' যুদ্ধবিমান শনাক্ত করা হয়। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। একইসাথে আরও বেড়েছে টোকিও–বেইজিং উত্তেজনার পারদ।


জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বুধবার (১০ ডিসেম্বর) এক্সে পোস্ট করে বলেন, রাশিয়া–চীনের যৌথ অপারেশন 'আমাদের দেশের বিরুদ্ধে সুস্পষ্ট শক্তিমত্তা প্রদর্শন', যা জাপানের নিরাপত্তার জন্য 'গুরুতর উদ্বেগ' তৈরি করছে।


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানায়, জাপানের নিকটবর্তী এ যৌথ ফ্লাইট আট ঘণ্টা স্থায়ী হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে সাতটি রুশ এবং দুটি চীনা বিমান প্রবেশ করে।


বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা জাপান–চীন সম্পর্ককে আরও জটিল করছে। বিশেষ করে, গত মাসে, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বলেন, তাইওয়ানকে ঘিরে কোনো সামরিক পদক্ষেপ জাপানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেললে টোকিও প্রতিক্রিয়া জানাতে পারে। তার এমন মন্তব্যের পর থেকেই উত্তেজনা আরও বেড়েছে দু'দেশের মধ্যে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯