ক্যাবিনেট মিটিংয়ে ঘুমিয়ে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে টেলিভিশনের একটা ক্যামেরা সবসময় তাক করে ছিল ট্রাম্পের দিকে। এ সময় ক্যামেরায় ধরা পড়ে, জেগে থাকতে বেশ বেগ পেতে হচ্ছিল প্রেসিডেন্টকে।
ক্যাবিনেট সদস্যরা একের পর এক দীর্ঘ বক্তৃতা দিচ্ছিলেন। আর চেয়ারে হেলান দিয়ে আধবোজা চোখে বসে আছেন ট্রাম্প, কখনও কখনও পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে চোখ। দেখে মনে হচ্ছিল, আর একটু হলেই স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমাবেন তিনি।
বৈঠক শুরু হলে ট্রাম্প যথারীতি ‘স্লিপি জো’ (ঘুমকাতুরে জো) উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহাস করেন। এরপর ট্রাম্প নিজের ব্যাপারে বেশ দম্ভ নিয়ে বলেন– ২৫ বছর আগে যেমন ছিলেন, এখন তিনি তার চেয়েও চাঙা।
সম্প্রতি ট্রাম্পের কর্মশক্তি নিয়ে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম। এর সমালোচনা করেই ক্যাবিনেট মিটিং এর ডাক দেন তিনি।