মুন্সিগঞ্জ শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে টঙ্গীবাড়ী থানার যশলং এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় এক প্রেস রিলিজে এ তথ্য জানায় র্যাব।
গ্রেফতারকৃত মিল্টন মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ডাকাতি, বোমাবাজিসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে।
র্যাব-১১ জানায়, মিল্টন দীর্ঘদিন ধরে নিজ এলাকায় ক্যাডার বাহিনী নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। কখনো অস্ত্রের মহড়া, কখনো চাঁদাবাজি, কখনো বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল তার নিয়মিত কৌশল। গত ৩১ অক্টোবর যৌথ বাহিনীর অভিযানে তার বাড়ি থেকে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এসময় তার দুই সহযোগীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, চর এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মিল্টন মল্লিক দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি অস্ত্র মজুত করে রেখেছিল। আজ র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে টঙ্গীবাড়ী থেকে গ্রেফতার করে। পরে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, সন্ধ্যায় র্যাব মিল্টনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমাদের রেকর্ডে তার বিরুদ্ধে ১৯টি মামলার তথ্য রয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।