যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এবং সহায়তার প্রবেশ বাধাগ্রস্ত করছে; যা 'গণহত্যামূলক কার্যক্রম' অব্যাহত রাখারই প্রমাণ বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, গাজার ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও 'গণহত্যা চালাচ্ছে', নতুন হামলা চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা পৌঁছানোতে বাধা দিচ্ছে, যদিও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে—সাত সপ্তাহে ৫শ' বার। চুক্তি কার্যকর হওয়ার পর ৩৪৭ ফিলিস্তিনি নিহত এবং ৮৮৯ জন আহত হয়েছেন।
দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, একই সময়ে ইসরায়েলি বাহিনী দক্ষিণ ও মধ্য গাজায় বিমান হামলা চালিয়েছে, এমনকি যুদ্ধবিরতি অনুযায়ী যেসব এলাকায় তাদের অবস্থান নিষিদ্ধ, সেখানেও হামলা চালানো হয়েছে।
অ্যামনেস্টির মহাসচিব আগনেস ক্যালামার্ড বলেন, 'এখনও কোনো প্রমাণ নেই যে ইসরায়েল তার হত্যাকারী কার্যক্রমের ক্ষতিকর প্রভাব কমাতে বা নীতি পরিবর্তন করতে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। বরং তারা জোরদার নীতিমালা চালু রেখেছে, মানবিক সহায়তা ও মৌলিক সেবায় সীমাবদ্ধতা আরোপ করছে এবং ফিলিস্তিনিদের শারীরিকভাবে ধ্বংস করতে পরিকল্পিত শর্ত আরোপ করছে।'
তিনি আরও বলেন, 'বিশ্বের মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। ইসরায়েলের গণহত্যা শেষ হয়নি।'