মিরপুরের সকাল আজ একটু আলাদা। গ্যালারির সাদা-সবুজে মেশানো উত্তেজনা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘনীভূত। যেন পুরো দেশ নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে; এক রান...মাত্র একটা রান।
এই এক রান কেবল মাইলফলক নয়, দেশের ক্রিকেট ইতিহাসে এঁকে দেবে নতুন এক চিহ্ন। এই মুশফিকের ব্যাটে ১২টি টেস্ট শতক দেখেছে সমর্থকরা। তবুও গতকাল আরেকটি শতক উপভোগ করার উদগ্র বাসনা ছিল সমর্থককুলের। যদিও আরাধ্য সেই সেঞ্চুরি দেখার ইচ্ছা পূরণ হয়নি।
নিজের শততম টেস্ট ম্যাচে বুধবার (১৯ নভেম্বর) প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন মিস্টার ডিপেন্ডেবল। নিজের শততম ম্যাচে স্বপ্ন ছোঁয়া থেকে মাত্র এক রান দূরে তিনি।
মুশফিক হয়তো শতক উদযাপনের উপলক্ষ্যটা আজকের জন্যই রেখে দিয়েছেন। ভাগ্যদেবতা পাশে থাকলে সময়ের স্রোতে গড়া এই ক্রিকেটার আজ লিখবেন নতুন এক গল্প।
নিজের শততম টেস্ট ম্যাচে ৯৯ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করতে মাঠে নামছেন মুশি। হাজার দিনের ঘাম, ব্যর্থতা, উঠে দাঁড়ানো এবং দীর্ঘ পথ চলার নিঃশব্দ সাক্ষী মুশি। আজ সেই গল্পে নতুন অধ্যায় লেখার দিন।
গতদিন মিরপুর টেস্টের প্রথম দিনের শেষ ওভারে ৯৯ রানে পৌঁছে স্টাম্পস ঘোষণা হওয়ায় দর্শকদের উচ্ছ্বাস থমকে গিয়েছিল তৃপ্তির আগমুহূর্তে। তবে হতাশা নয় বরং এটি বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা।
কিছুক্ষণের মধ্যেই মিরপুরের সবুজ পিচে নামবেন মুশফিক। সারাদেশের ক্রিকেটভক্তরা চোখ রাখছে তার ওপর। যার ঘুম সকাল ১১টার আগে ভাঙে না তিনিও আজ টিভির সামনে বসেছেন পরিবারসহ। অফিসে ব্যস্ত মানুষ, গ্রামে বাঁশের ঘরে ছোট রেডিও কিংবা চায়ের দোকানে জমে থাকা ভিড়; সবাই একই প্রতীক্ষায়।
দেশ তাকিয়ে আছে, সেই মুহূর্তটির জন্য। হয়তো দিনের প্রথম ওভারেই 'লিটল মাস্টার' আমাদেরকে উপহার দেবেন নতুন এক ইতিহাস। মুশফিক ব্যাট উঁচিয়ে ধরবেন, সতীর্থরা হাততালি দেবেন, গ্যালারিতে দোল খাবে লাল-সবুজ, আর দেশের ১৭ কোটি মানুষের চোখে ভেসে উঠবে গর্বের উজ্জ্বলতা।
হ্যা, আজ যখন তিনি সেই একটি রান তুলবেন আমাদের সবার বুকই যেন আরেকটু উঁচু হয়ে উঠবে। অপেক্ষায় আছি আমরা, শুভকামনা আওয়ার লিটল মাস্টার।