বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম ঘোষিত সংগঠন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান শিশিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে নগরীর কামালকাছনার গুঞ্জন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতয়ালী থানা পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে তোলা হয়।
ডা. শিশির কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর গ্রামের নিজামুদ্দিনের পুত্র। নগরীর কামাল কাছনায় ভাড়া বাসায় থাকতেন তিনি। প্রথামিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানায় পুলিশ।
কোতয়ালী থানার ওসি আতোয়ার রহমান জানান, গ্রেফতার ডা. শিশির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার আসামি। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রংপুর জেলার দফতর সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ মহানগর সেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষণ বিভিন্ন অভিযোগ রয়েছে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার চেষ্টা করছিলেন। বিশেষ করে শেখ হাসিনার রায়ের দিন নাশকতা করতে বিভিন্ন ধরনের তৎপরতা করছিলেন তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। যারাই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।