চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এরইমধ্যে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও তৃণমূলের সুসংগঠিত করেছি। এর প্রতিদান হিসেবে দল আমাকে ধানের শীষ মার্কা দিয়েছে। এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে বিএনপি।
মাজার জিয়ারতের পর হেলাল উদ্দিন হাটহাজারীর লালিয়ার হাট এলাকায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারত করেন। পরে তিনি ওয়াহিদুল আলমের ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন। এরপর হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন তিনি।