কক্সবাজারের কুতুবদিয়ায় মোস্তফা বাপ্পি নামে এক দিনমজুরকে প্রকাশ্যে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রিদুয়ানুজ্জামান হেলালিকে দুই নাম্বার আসামী করে ৯ জনের নাম উল্লেখ করা হয়। সেইসাথে অজ্ঞাত আসামি করা হয়েছে আরো সাতজনকে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে নিহতের মা রোজিনা আকতার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন।
তিনি জানান, ইতোমধ্যে এ ঘটনায় এক নাম্বার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, খালে মাছ ধরাকে কেন্দ্র করে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রিদুয়ানুজ্জামান হেলালির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মোস্তফা বাপ্পির। এরই জেরে বাপ্পিকে কয়েকবার সন্ত্রাসী দিয়ে মারধরও করিয়েছে। একপর্যায়ে গত ২৩ আগস্ট রিদুয়ানুজ্জামান হেলালীসহ পাঁচ জনের বিরুদ্ধে বাপ্পি বাদি হয়ে মামলা করে। এরপরও কুতুবদিয়া থানা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সবশেষ গতকাল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার।
আজ বিকেলে ময়না তদন্ত শেষে কক্সবাজারে নিহত মোস্তাফার মরদেহ নেয়া হলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময়, হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন স্বজনরা।