মা ইলিশ সংরক্ষণ অভিযানের ২২ দিনে রাজবাড়ীতে ১৭১ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ড ও ২২ জন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে এক হাজার ১১৮ কেজি অর্থাৎ প্রায় ২৯ মণ ইলিশ মাছসহ ৩০ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।
রোববার (২৬ অক্টোবর) রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বাজারে আজ ক্রেতার বেশ চাপ, তেমনি দামও অনেক বেশি। অভিযানের আগের চেয়ে এখন দাম আরও বেশি। ৫/৬ টায় কেজি হবে এগুলো ৫/৭শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৩/৪টায় কেজি হবে সেগুলো ৭০০ থেকে ১২০০ হাজার টাকায় এবং এক কেজি সাইজেরগুলো ২৫০০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, মা ইলিশ রক্ষায় আমরা ২২ দিন রাজবাড়ীর পদ্মা নদীর অংশে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতায় সফলভাবে অভিযান পরিচালনা করেছি। এ সময় ১৭২ টি অভিযান ও ৫৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৭১ জেলেকে আটকের পাশাপাশি ১ হাজার ১১৮ কেজি ইলিশ ও ৩০ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার টাকা।
তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালরার মাধ্যমে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। জরিমানা থেকে আয় হয়েছে ১ লাখ ২২ হাজার ২০০ টাকা এবং জব্দকৃত নৌকা নিলামে বিক্রি করে আয় হয়েছে ৯৭ হাজার টাকা।
তিনি আরও বলেন, শনিবার মধ্যরাতে অভিযান শেষ হলেও ভোর রাত থেকে সকাল পর্যন্ত নদীর বিভিন্ন স্থান, বাজার ও আড়ত পর্যবেক্ষণ করেছি। সব জায়গায় কমবেশি মাছ থাকলেও ছোট সাইজের ইলিশ মাছের সংখ্যা বেশি। বড় সাইজের খুব একটা দেখা যায়নি। তবে নদীতে মাছ থাকলেও ছোট সাইজেরই বেশি।
উল্লেখ্য, ২৫ অক্টোবর মধ্যরাতে শেষ হয় ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞা। অভিযান শুরু হয় গত ৪ অক্টোবর।