কুষ্টিয়ায় চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সাবেক নেতা জাহাঙ্গীর কবির লিপটন ও তার সহযোগী মামুনের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়ার বাসিন্দারা।
কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বুধবার (২২ অক্টোবর) দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা বলেন, সম্প্রতি চরমপন্থী সন্ত্রাসী লিপটনকে পাঁচটি অস্ত্রসহ সেনাবাহিনী গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
তবে এর তিন মাসের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে ফের অপকর্মে জড়িত পড়েন তিনি। এ কারণে এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।
বক্তারা আরো বলেন, লিপটনের অন্যতম সহযোগী মামুন এখনো কারাগারে থেকে সাক্ষাৎ প্রার্থীদের মাধ্যমে মানুষকে ভয় দেখাচ্ছেন। এ কারণে শান্তিপ্রিয় গ্রামবাসীর নিরাপত্তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা।