টাঙ্গাইলের ধনবাড়ীতে টাইলস মিস্ত্রি রফিকুল ইসলামের হত্যার রহস্য সাড়ে তিন বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রফিকুলের বোনের স্বামী মকবুলকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি মামুন মিয়া ধনবাড়ীর নাথেরপাড়া গ্রামে রফিকুল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গে পাঠায়।
রফিকুল ইসলামের মা ছাহেরা বেওয়া (৫৮) ওই বছরের ৩ ফেব্রুয়ারি ধনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার মূল রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করলেও অপরাধী শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ২০২২ সালের ২৫ জুলাই মামলার তদন্তভার পিবিআই টাঙ্গাইলকে দেওয়া হয়। পিবিআই জানায়, রফিকুল কিছুটা উচ্ছৃঙ্খল প্রকৃতির এবং চুরির সঙ্গে যুক্ত ছিলেন।
এ ছাড়া মামা ও মামাতো ভাইদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
গ্রেপ্তার আসামি মকবুল দীর্ঘদিন রফিকুলদের বাড়িতে বসবাস করতেন। ঘটনার কিছুদিন আগে রফিকুল মকবুলের ঘর ভেঙে দেন, যা দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি করে।
পিবিআইয়ের এসআই আলমগীর কবিরের নেতৃত্বে একটি টিম দীর্ঘদিন ধরে মকবুলের খোঁজে অভিযান চালায়।
অবশেষে রবিবার (১২ অক্টোবর) রাতে নাথেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মকবুল আদালতে ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।
সোমবার (১৩ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হলে স্বেচ্ছায় তিনি আদালতে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে নিজে এবং আরো আসামির সম্পৃক্ততা রয়েছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।