সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের ঊর্ধ্বতন

দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করে ফেরার পথে প্রাণ গেল রেল প্রকৌশলীর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৭ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৭ সময়

সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মোজাম্মেল হক (৪৬)। 


বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব । 


তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।


রেলপথ মেরামত, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। উদ্ধার কাজ শেষে সড়কপথে কর্মস্থলে ফেরার পথে বুধবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর কোনাগাঁও এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন মোজাম্মেল হকসহ কুলাউড়া রেলের একজন স্টাফ। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে মোজাম্মেল হক স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। সিলেট হাসপাতাল থেকে তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীতে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাকে দাফন করা হবে বলে জানান রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব। 


উল্লেখ্য, প্রকৌশলী মোজাম্মেল হক ছিলেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। তার মৃত্যুতে কুলাউড়া জংশন স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


তিনি ২০০৬ সালে বাংলাদেশ রেলওয়ের চাকরিতে যোগদান করেন। এদিকে প্রকৌশলী মোজাম্মেল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। 

এক শোকবার্তায় তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনকালে তার এই অকাল মৃত্যুতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিকভাবে দুঃখিত ও গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯