যশোর-বেনাপোল মহাসড়কে বাস তল্লাশীকে কেন্দ্র করে আজ সকালে সোহাগ পরিবহনের এক চালককে মারধরের অভিযোগে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে শ্রমিকরা।
এসময় সড়কে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে আমদানি, রফতানি পণ্য পরিবহন ও পথচারীদের দূর্ভোগের কবলে পড়ে। পরে ন্যায় বিচারের আশ্বাসে দুপুর ১ টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
যশোর জেলা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, বাস চালক অপু বেনাপোল কাউন্টার থেকে বাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে পৌছালে বিজিবি গাড়ি তল্লাশির জন্য থামায়। এসময় বাস সাইড করাকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বাস চালককে নামিয়ে মারধোর করে বিজিবি সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে শ্রমিকরা এসে রাস্তায় গাড়ি আড় করে দিয়ে ওই বিজিবি কর্মকর্তার শাস্তি চাই। পরে পুলিশ এসে ঘটনার সুষ্ট বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং অবরোধ তুলে নেয়।
এদিকে সাধারণ পথচারীরা জানান, আমড়াখালী চেকপোষ্টে মানুষের ভোগান্তি কমাতে কয়েক বছর আগে একটি স্কানিং মেশিন স্থাপন করা হয়েছে। কিন্তু সেটিতে বাস,বা পরিবহন স্কানিং না করানোর কারণে সড়কটিতে মাঝে মধ্যেই যানজট সৃষ্টি হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনা স্থলে পৌছে তিনি বিজিবি ও শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং আলোচনায় বসে ন্যায় বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তারা তুলে নেয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন