সংসদীয় সমীনা পুননির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় রোববার সকাল থেকে তৃতীয় দফায় টানা তিনদিন সকাল সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে। এই আন্দোলনের প্রধান সমন্বয়ক ভাঙ্গার আলগী ইউনিয়ন চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
চেয়ারম্যানের আটককের খবর জানতে পেরে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আলগী ও হামেরদী ইউনিয়নের হাজার হাজার মানুষ সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করছে। অবরোধ থেকে তারা চেয়ারম্যানের আটকের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির জন্যও স্লোগান দিচ্ছে।
অবরোধকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করেছে। টানা আন্দোলনের বিষয়টি জানার ফলে খুব বেশি যাত্রাবাহী পরিবহন আসেনি সড়কটিতে। অল্পকিছু পণ্যবাহী ট্রাক আটকে আছে।
অবরোধকারীরা সকাল থেকে ভাঙ্গার কৈডুবী রেলক্রসিং অবরোধ করে রেল রাস্তার ওপর বসে থাকে। এতে সকাল সাড়ে ৮টার দিকে নকশী কাথাঁ নামের একটি যাত্রীবাহি কমিউটার ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ট্রেনের যাত্রীরা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ আটক করেছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল (ভাঙ্গা সার্কেল) বলেন, সাধরণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। চারজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে টহল দিচ্ছে। এক হাজারের বেশি র্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছে। কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের এলাকা ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে অর্ন্তভূক্ত করার প্রতিবাদে গত ৫ শুক্রবার সেপ্টেম্বর প্রথম ফরিদপুর ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে ওই এলাকাবাসী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন