নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী–ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে মো. ইমন হোসেন (১৯) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (১৮)।
আহত রিফাতের বড় ভাই রাকিব বলেন, ইমন ও রিফাত ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছিলেন। সকালে তারা মোটরসাইকেলে চড়ে কাজের উদ্দেশ্যে চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সরুরগো পোল এলাকায় পৌঁছালে চৌমুহনীগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে তারা দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি নিয়ে পালিয়ে যান। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন