ঢাকা | |

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ ছবি : সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।


আলোচিত এ মামলার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর মামলার প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ধার্য রয়েছে। ওই ধার্য তারিখে তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।


এদিকে প্রতিবেদন জমা না দেওয়ায় ১২০ বার তারিখ পেছানো হয়েছে।


২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।


মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আটজনকে আসামি করা হয়। বাকি আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।


প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার তৎকালীন এসআই। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় তারা। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।


গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতির হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর গত ১৮ অক্টোবর পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। তবে এখনো তদন্ত প্রতিবেদন দিতে পারেনি টাস্কফোর্স।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর