বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে পাথর ও বালু নিয়ে চাঁদাবাজির বিষয়টি দুই নেতার নজরে এনেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে সারজিস বলেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর-বালু দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়িপ্রতি ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়।
তিনি আরো লেখেন, নিয়মিত লাখ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুই জনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশ’ নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়! জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের অতিরিক্ত ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে।
তিনি আরো লেখেন, এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কীভাবে? স্থানীয় লোকজন বলছে, সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে। আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার।
প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা; জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়।
তিনি আরো উল্লেখ করেন, আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই। সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন