বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এর ১৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে তাদের প্রকল্প এলাকা ও আবাসিক গ্রিন সিটিতে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন ডেপুটি সুপারিনটেনডেন্ট, সহকারী ব্যবস্থাপক, উপসহকারী ব্যবস্থাপক এবং টেকনিশিয়ান পদে কর্মরত বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি তারা কর্মপরিবেশ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে কিছু দাবিদাওয়া তুলেছিলেন। তবে কর্তৃপক্ষ বিষয়টিকে শৃঙ্খলা ভঙ্গ ও নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে।
প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। প্রকল্পটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র তত্ত্বাবধানে পরিচালিত উচ্চ নিরাপত্তার একটি অঞ্চল হিসেবে বিবেচিত, যেখানে যেকোনো ধরনের আন্দোলন বা বিক্ষোভকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
চাকরিচ্যুতরা দাবি করেছেন, তারা কেবল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। অপরদিকে, কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মকাণ্ড প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এ ঘটনাকে একটি "গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত" বলে অভিহিত করেছেন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন