ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ইসরায়েলের তেল আবিবে পারমাণবিক বোমা হামলার ছবি প্রকাশ নেতানিয়াহুর

ইসরায়েলের নির্বাচনের মাত্র দুই দিন আগে এমন একটি ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা ঘিরে দেশটির রাজনীতিতে
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
ইসরায়েলের তেল আবিবে পারমাণবিক বোমা হামলার ছবি প্রকাশ নেতানিয়াহুর

ইসরায়েলের নির্বাচনের মাত্র দুই দিন আগে এমন একটি ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা ঘিরে দেশটির রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবিতে দেখা যাচ্ছে, তেল আবিব শহরের ওপর বিশাল পারমাণবিক বিস্ফোরণের মেঘ, আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি ভবন। নির্বাচনের ঠিক আগে এমন ভয়াবহ দৃশ্য প্রকাশ করে ইরানের পারমাণবিক হুমকি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।


রোববার, ২৫ অক্টোবর, এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ছবিটির সঙ্গে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ইউভাল ব্লুমবার্গের বক্তব্য যুক্ত করে নেতানিয়াহু দাবি করেন, ইরান ও শিয়া অক্ষের পারমাণবিক হুমকি ইসরায়েলের অস্তিত্বের জন্য গুরুতর বিপদ তৈরি করছে। নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি দুই বছর ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি নির্মূল করার কাজে ব্যবহার করা জরুরি। কারণ, ট্রাম্পের মেয়াদ শেষ হলে নতুন নেতৃত্বের অধীনে পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


তবে নেতানিয়াহুর এই পদক্ষেপকে স্বাভাবিকভাবে নেয়নি ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলগুলো। বরং নির্বাচনের আগে এমন ভয়াবহ ছবি প্রকাশকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দল ডেমোক্র্যাটসের প্রধান ইয়াইর গোলান নেতানিয়াহুর মানসিক অবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মন্তব্য, প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা উচিত।


অন্যদিকে, বিরোধী দল ইয়াশার-এর প্রধান গাদি আইজেনকোট অভিযোগ করেছেন, প্রতিবার নির্বাচনের মতো এবারও নেতানিয়াহু মিথ্যা প্রচার ও ভীতি ছড়ানোর রাজনীতি করছেন। বিরোধীদের দাবি, নিরাপত্তা ও পারমাণবিক হুমকির বিষয় সামনে এনে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। এদিকে মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির পার্লামেন্টে মোট আসন ১২০টি। সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। ফলে নির্বাচনের আগে নেতানিয়াহুর এই বিতর্কিত পোস্ট রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।


নির্বাচনের ঠিক আগে পারমাণবিক ধ্বংসযজ্ঞের এমন ছবি প্রকাশ কি ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের বার্তা, নাকি ভোটারদের প্রভাবিত করার রাজনৈতিক কৌশল—তা নিয়ে এখন চলছে নানা আলোচনা। তবে এই ঘটনায় ইসরায়েলের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে।


সূত্র: এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু